শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

এরপরও এশিয়া কাপে বাংলাদেশ

 জিটিবি নিউজডেস্কঃ ক্রিকেটের ধারে-ভারে-ঐতিহ্য-পারফরম্যান্স আর পরিসংখ্যানে ভারতই ফেভারিট। এরপরও এশিয়া কাপে বাংলাদেশ বলে কথা…, মাশরাফিরা এই আসরে বেশ কয়েকবারই ভক্ত-সমর্থকদের হৃদয় জয় করেছেন পরাশক্তিদের পরাজিত করে। এবার শিরোপা চান মাশরাফিদের কাছে দেশবাসী। আজ সেই দিনের অপেক্ষা। এ চাওয়া খুব বেশি বড় চাওয়া নয়। এই ভারতকে যে কোনোদিন হারাতে পারেনি তামিম-সাকিব-মুশফিকরা তাও নয়। বিশ্বের যে কোনো ক্রিকেট শক্তিকেই হারানোর ক্ষমতা রাখে বেঙ্গল টাইগাররা। তাহলে, আজ কেন নয়? এর আগে দুবার ফাইনালে খেলেও কাপ জিততে পারেনি বাংলাদেশ। আজ কি তাহলে সেই স্বপ্ন পূরণের দিন? নাকি যে কপাল সেই মাথাই! এশিয়া কাপে এর আগে দুই দল মোট ১১ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে একবার বাংলাদেশ আর ১০ বার ভারত জিতেছে। অন্যদিকে টি-টেয়েন্টিতে এশিয়া কাপে দুবারের মোকাবিলায় দুই বারই জিতেছে ভারত। আজ দুবাইতে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকাল সাড়ে পাঁচটায়। এদিকে, বৃহস্পতিবার বাংলাদেশের ক্রিকেট রূপকথায় যোগ হলো পাকিস্তানকে হারিয়ে আরেকটি নতুন অধ্যায়। ২০১২ সালে ঘরের মাঠে পাকিস্তানের কাছে ২ রানের হারে এশিয়া কাপের শিরোপা হারিয়েছিল বাংলাদেশ। হারের সেই বেদনা এতদিন বয়ে বেড়াচ্ছিলেন টাইগাররা। সেই বেদনা কমানোর সুযোগ পেল এবার। ১৪তম এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। আর ফাইনালের সুযোগটি এসেছে পাকিস্তানকে হারিয়ে। পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি এর আগেও পেয়েছে বাংলাদেশ। কিন্তু ওদের মাটিতে হারানোর স্মৃতি নেই। আবার পাকিস্তানকে বিদায় করার স্মৃতিও কম। তাই এবার আবুধাবিতে দ্বিগুণ আনন্দ পেল টাইগাররা। প্রসঙ্গত, ২০০৯ সালের পর থেকে সংযুক্ত আরব আমিরাতই পাকিস্তানের হোম ভেন্যু। দলের দুই স্তম্ভ তামিম ও সাকিবকে ছাড়াই আজ আবার খেলবে বাংলাদেশ ফাইনালে।

আগের ম্যাচে যেভাবে মুশফিক, মিরাজ, মুস্তাফিজ, মাশরাফিরা এগিয়ে এসে দায়িত্ব পালন করলেন, আজও তেমনটাই দেখতে চান বাংলাদেশের কোটি ক্রিকেটপ্রেমী।এবার ভারত-বধের পালা। এশিয়া কাপে ভারত ও বাংলাদেশের ম্যাচ মানেই যেন হয়ে ওঠে আত্মসমর্পণের কাহিনী। সেই পর্ব কাটিয়ে দুর্দান্ত ফর্মে থাকা মাশরাফি মর্তুজার দল আজ ফাইনালে নতুন ইতিহাস লিখতে পারে কিনা, সেদিকে চোখ থাকছে ক্রিকেটমহলের। যেভাবে চোট-আঘাতের প্রতিকূলতা টপকে পাকিস্তানকে হারিয়েছে বাংলার বাঘেরা তাতে সমর্থকরা কাপ জয়ের স্বপ্নই দেখছেন। সুপার ফোরে ভারতের কাছে হারের পর ঘুরে দাঁড়িয়েছেন মুস্তাফিজরা। আফগানিস্তান ও পাকিস্তানকে পরপর হারিয়ে ফাইনালের টিকিট ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। কাজটা মোটেই সহজ ছিল না। প্রতিযোগিতার শুরুতেই দল থেকে ছিটকে গিয়েছিলেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। আফগানিস্তানের বিরুদ্ধে ইঞ্জেকশন নিয়ে খেললেও সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে চোটের জন্য খেলতেই পারেননি দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আঙুলে অস্ত্রোপচার হবে তার। তামিমের মতো ফাইনালে সাকিবকেও পাচ্ছে না বাংলাদেশ। চোট রয়েছে অধিনায়কেরও। পাকিস্তানের বিরুদ্ধে ব্যথা কমানোর ওষুধ খেয়ে মাঠে নেমেছিলেন মাশরফি। যার ৯৯ রানের দুরন্ত ইনিংস গোড়াতেই তিন উইকেট হারানোর ধাক্কা সামলে বাংলাদেশকে লড়াইয়ের রসদ জোগায়, সেই মুশফিকুর কিন্তু উইকেটকিপিং করতে পারেননি ২০ ওভারের পর। ফাইনালেও তাকে নিয়ে থাকছে সংশয়। প্রচ- গরমও বাধা হয়ে দাঁড়াতে পারে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com