বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
মশিউর রহমান ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ বর্ণমালা কিন্ডারগার্টেনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সকালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান তখনই সুনাম অর্জন করে, যখন এর শিক্ষার্থীরা ভালো ফলাফল করে। তাই সামনে অনুষ্ঠিতব্য পরীক্ষায় সাফল্যের মাধ্যমে নিজেদের পরিবার ও প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে। মনে রাখতে হবে, বিদায় কোনো সমাপ্তি নয়—এটি শিক্ষার পরবর্তী ধাপে নতুন যাত্রার সূচনা। শিক্ষা এমন একটি মাধ্যম, যা ছাড়া কোনো কিছুই এগোতে পারে না। তাই শিক্ষার্থী যে প্রতিষ্ঠানেই পড়ুক না কেনো, সেই শিক্ষা যেনো পরিপূর্ণ ও মানসম্মত হয়, তা নিশ্চিত করতে হবে। দেশে কিন্ডারগার্টেনগুলো প্রাথমিক শিক্ষায় বৈচিত্র্য এনেছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালক মামুন হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকপ্রবীর চক্রবর্তী প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্রসহ উপহার তুলে দেন। পরে সমগ্র অনুষ্ঠানের সফলতা কামনায় দোয়া পরিচালনা করা হয়