বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
নুর মোহাম্মদ পাটোয়ারী :
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় অবস্থিত শেখ বাড়ির পারিবারিক কবরস্থানের ওপর দিয়ে ড্রেন নির্মাণের অভিযোগ উঠেছে। কবরস্থানের পবিত্রতা ও মর্যাদা রক্ষার দাবিতে পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা শেখ মহিন।
জানা যায়, মকিমাবাদ এলাকার আল কাউসার স্কুল সংলগ্ন শেখ বাড়ির পারিবারিক কবরস্থানটি দীর্ঘদিনের পুরোনো। এখানে পরিবারের পূর্বপুরুষদের সমাধি রয়েছে। সম্প্রতি ওই এলাকায় পৌরসভার ড্রেন নির্মাণ কাজ শুরু হলে কবরস্থানের ওপর দিয়েই ড্রেন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেন আবেদনকারী।
লিখিত আবেদনে শেখ মহিন উল্লেখ করেন, কবরস্থানের ওপর দিয়ে ড্রেন নির্মাণ করা হলে এর ধর্মীয় পবিত্রতা ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হবে। তাই কবরস্থান অক্ষত রেখে বিকল্প পথে ড্রেন নির্মাণের জন্য তিনি পৌর প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তিনি বলেন, “উন্নয়নমূলক কাজ অবশ্যই প্রয়োজন। তবে আমাদের পূর্বপুরুষদের কবরস্থানের পবিত্রতা রক্ষা করে পরিকল্পনা বাস্তবায়ন করা উচিত। সামান্য পরিবর্তনের মাধ্যমে পাশ দিয়ে ড্রেন নির্মাণ করা সম্ভব।”
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারাও কবরস্থানের মর্যাদা অক্ষুণ্ন রেখে উন্নয়ন কাজ পরিচালনার দাবি জানিয়েছেন। তাদের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে বিকল্প পরিকল্পনার মাধ্যমে কবরস্থান সংরক্ষণ করেই ড্রেন নির্মাণ করা সম্ভব।
এদিকে আবেদনটি হাজীগঞ্জ পৌরসভার প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে। আবেদনকারী ও এলাকাবাসী বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শন করে কর্তৃপক্ষ একটি গ্রহণযোগ্য সমাধান বের করবে।