বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
নুর মোহাম্মদ পাটোয়ারী :
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের এক বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী পরিবারের দুই সহোদর ভাইয়ের কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের বড় ছেলে শাহিন অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করলে মঙ্গলবার জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পরিবারের সদস্যরা তখনও প্রিয়জন হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি।
এরই মধ্যে আরেক দুঃসংবাদ আসে। পরিবারের মেঝো ছেলে আলমগীর, যিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন, চিকিৎসা শেষে বাড়িতে ফেরেন। কিন্তু মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বড় ভাইয়ের মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মেঝো ভাইয়ের মৃত্যুর ঘটনায় পরিবারের ওপর নেমে আসে শোকের পাহাড়। একই দিনে দুই সহোদরকে হারিয়ে স্বজনরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। খবরটি ছড়িয়ে পড়লে প্রতিবেশী, আত্মীয়স্বজন ও ব্যবসায়ী মহলেও গভীর শোকের সৃষ্টি হয়।
![]()
স্থানীয়রা জানান, হাজীগঞ্জ বাজারে মৎস্য ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থাকায় পরিবারটি সবার কাছে পরিচিত ও সম্মানিত। তাই একের পর এক দুই ভাইয়ের মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
এদিকে এলাকাবাসী মরহুম শাহিন ও আলমগীরের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।