বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

যাত্রাবাড়ীতে ফ্ল্যাটে ঢুকে নারীকে হত্যা: ক্লু-লেস মামলার রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ১

 স্টাফ রিপোর্টার:

রাজধানীর যাত্রাবাড়ীতে সংঘটিত একটি ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি ও চোরাই মালামাল উদ্ধারসহ ফারুক (২৭) নামে এক নির্মাণশ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।

 


যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, গত ১১ জুলাই যাত্রাবাড়ী থানার দনিয়া রসুলপুর নগর ভবনসংলগ্ন একটি বহুতল ভবনের ফ্ল্যাটে শাহিদা আক্তার নামে এক নারীকে হত্যা করা হয়। একই সঙ্গে বাসায় থাকা স্বর্ণালংকার, ইমিটেশন গহনা ও অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মেয়ে পারভীন আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মামলাটির তদন্তে ঘটনাস্থলের বিভিন্ন আলামত বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত হিসেবে নির্মাণশ্রমিক ফারুককে শনাক্ত করা হয়। পরে বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গ্রেপ্তার আসামির দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত এক হাতলবিশিষ্ট একটি কাঁচি উদ্ধার করা হয়। এছাড়া এক জোড়া ইমিটেশনের বালা, তিনটি গলার হার, এক জোড়া পায়ের নূপুর এবং কিছু বিদেশি কাগুজে ও ধাতব মুদ্রা উদ্ধার করা হয়েছে।

তদন্তে পুলিশ জানতে পারে, ফারুক নিহতের পরিবারের পাশের ফ্ল্যাটে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। কাজের সুবাদে তিনি বাসার পরিবেশ ও পরিবারের সদস্যদের চলাফেরা সম্পর্কে অবগত ছিলেন। ঘটনার দিন সুযোগ বুঝে বাসায় প্রবেশ করে ধারালো কাঁচি দিয়ে শাহিদা আক্তারকে হত্যা করেন। পরে আলমারিতে থাকা স্বর্ণালংকার, ইমিটেশন গহনা ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যান বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com