বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে রান্না করতে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নুর মোহাম্মদ পাটোয়ারী

চাঁদপুরের হাজীগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে শিল্পী বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জানা গেছে, সকালবেলা নিজ ঘরের রান্নাঘরে মসলা পিষছিলেন শিল্পী বেগম। মসলার কাজ শেষ করে শিলপাটা পরিষ্কার করার সময় হঠাৎ করে একটি বিষধর সাপ তার হাতে ছোবল দেয়। সাথে সাথে তিনি চিৎকার করে ওঠেন। পরিবারের লোকজন দ্রুত তাঁকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু পথেই তার মৃত্যু ঘটে।

নিহত শিল্পী বেগম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের কলার বেপারী বাড়ির মো. আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। বর্তমানে পরিবারের সদস্যদের সাথে পোদ্দার বাড়ি সংলগ্ন একটি নতুন বাড়িতে বসবাস করছিলেন।

প্রতিবেশী মো. রবিউল আউয়াল জানান, সাপে কামড় দেওয়ার পর পরিবারের লোকজন দ্রুত ব্যবস্থা নিয়েও শিল্পী বেগমকে বাঁচাতে পারেননি। ঘটনার পর স্থানীয় এক সাপুড়ে এসে শিলপাটার নিচে থাকা মাটির গর্ত থেকে সাপটি উদ্ধার করে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, “হাসপাতালে আনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং কিছু পরীক্ষা করা হয়েছিল। তবে রিপোর্ট আসার আগেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়।”

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাটিলা পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন লিটু। তিনি বলেন, “কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই শিল্পী বেগমের মৃত্যু হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com