বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’ হাজীগঞ্জ ইউএনওর কার্যালয়ের দরজায় ব্যতিক্রমী সাইনবোর্ড 

গাজী রিয়াজ হোসেন :

নাগরিকদের সংকোচ দূর করে সরকারি সেবা সহজ করতে ইউএনও ইবনে আল জায়েদের উদ্যোগ।

সরকারি কর্মকর্তার কার্যালয়ে সেবা নিতে গিয়ে অনেকের মধ্যেই দেখা যায় এক ধরনের সংকোচ বা দ্বিধা। সেই সংকোচ দূর করে সাধারণ মানুষকে সহজে সরকারি সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন।

দক্ষতা, ধৈর্যশীলতা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা সরাসরি শোনা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। নাগরিকদের সঙ্গে সহজে মিশে তাদের কথা শোনার ক্ষেত্রেও তাকে সক্রিয় দেখা যায়।

এরই ধারাবাহিকতায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রধান দরজায় লাগানো হয়েছে একটি ব্যতিক্রমী সাইনবোর্ড। সাইনবোর্ডে বড় করে লেখা—‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’। আর তার নিচে লেখা রয়েছে—‘ধাক্কা দিন দরজা খুলে যাবে’।

সাধারণত সরকারি কর্মকর্তার কক্ষে প্রবেশের আগে অনুমতি নেওয়ার বিষয়টি নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। তবে এই সাইনবোর্ডের মাধ্যমে নাগরিকদের জন্য ইউএনও কার্যালয়ের দরজা উন্মুক্ত রাখার বার্তা দেওয়া হয়েছে।

স্থানীয়দের মধ্যে সাইনবোর্ডটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়াও দেখা গেছে। তাদের অনেকেই মনে করছেন, এমন উদ্যোগের ফলে সাধারণ মানুষ আরও স্বাচ্ছন্দ্যে সরকারি কর্মকর্তার কাছে গিয়ে নিজেদের সমস্যা তুলে ধরতে পারবেন।

ইউএনও ইবনে আল জায়েদ হোসেন বলেন, ‘মানুষ যেন ইউএনও অফিসে এসে সহজভাবে তার সেবা পেতে পারে, সেজন্যই আমার এই উদ্যোগ।

প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে সরকারি সেবা আরও সহজ ও জনবান্ধব করার এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে নতুন বার্তা দিচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com