বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
গাজী রিয়াজ হোসেন :
চাঁদপুরের হাজীগঞ্জে মৎস্য প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের পরিচালক (কুমিল্লা) মোঃ আনোয়ার হোসেন এবং চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেন।
এ সময় বক্তারা বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং জলাশয়ে দেশীয় মাছের প্রাপ্যতা বাড়াতে সরকারি উদ্যোগে পোনা অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জলাশয়গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
কর্মসূচিতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।