বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
জিটিবি নিউজ ডেস্কঃ পাকিস্তানে রেকর্ডসংখ্যক সেনা পাহারায় সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যে ভোটকেন্দ্রগুলোর আশপাশে তুমুল সহিংসতা ও প্রাণহানির খবর পাওয়া গেছে। বুধবার (২৫ জুলাই) ভোটগ্রহণ চলার সময় কোয়েটায় একটি ভোটকেন্দ্রের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় ৩১ জন নিহত হয়েছে। এদিন সকালে খাইবার পাখতুনখোয়ার সোয়াবি এলাকার একটি ভোটকেন্দ্রে প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছে একজন। আহত হয়েছে আরও দুইজন। দিঘরি এলাকার মিরপুরখাসে সহিংসতায় একজনের প্রাণহানি হয়েছে। বেলুচিস্তানে একটি ভোটকেন্দ্রে গ্রেনেড হামলায় নিহত হয়েছে এক পুলিশ সদস্য। বেলুচিস্তানে লারকানা এলাকার একটি রাজনৈতিক ক্যাম্পের বাইরে পটকা বিস্ফোরণে আহত হয়েছে চারজন। সব মিলে এখন পর্যন্ত পাকিস্তানে নির্বাচনি সহিংসতায় ৩৪ জন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। এছাড়া আরও কিছু এলাকায় বিচ্ছিন্ন সহিংসতা হয়েছে
ধবার (২৫ জুলাই) সকাল আটটা থেকে পাকিস্তানের ১১তম সাধারণ নির্বাচন ও চারটি প্রাদেশিক পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। প্রত্যেক ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রেকর্ডসংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে জানা যায়, এবার নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর ৩ লাখ ৭১ হাজারের বেশি সদস্য মোতায়েন থাকছে। একই সঙ্গে পুলিশ ও অন্যান্য বাহিনীর আরও সাড়ে ৪ লাখের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। দেশজুড়ে ১৭ হাজার ভোটকেন্দ্রকে ‘স্পর্শকাতর’ ঘোষণা করা হয়েছে। তবে এতো কঠোর নিরাপত্তা সত্ত্বেও ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মাথায় বেশ কয়েকটি জায়গার সহিংসতার খবর মিলেছে।
স্থানীয় পুলিশকে উদ্ধৃত করে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, নাওয়ানকালি এলাকায় এন-১৯ (সোয়াবি ২) ও পিকে-৪৭ (সোয়াবি ৫) আসনে সহিংসতা হয়েছে। সেখানে ভোটকেন্দ্রের বাইরে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের কর্মীদের সঙ্গে আওয়ামী ন্যাশনাল পার্টির কর্মীদের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের ঘটনায় নিহত হয় পাকিস্তান তেহরিক-ই ইনসাফের এক কর্মী। লারকানায় একটি ক্যাম্পের বাইরে পটকা বিস্ফোরিত হয়েছে। ওই ঘটনায় চারজন আহত হয়। তবে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পর লারকানার এনএ-২০০ আসন পিএস-১১ আসনে ভোটগ্রহণ স্থগিত করেছেন কর্তৃপক্ষ।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে ডন জানায়, বেলুচিস্তানের খুজদার এলাকার কোশক গ্রামের একটি ভোটকেন্দ্রে গ্রেনেড হামলায় এক পুলিশ সদস্য নিহত ও তিনজন আহত হয়। নাসিরাবাদে একটি পুলিশ স্টেশনে গোলাগুলিতে দুইজন আহত হয়েছে। এছাড়া মারদান, রাজনপুর, খিপরো ও কোহিস্তানেও সহিংসতার খবর পাওয়া গেছে। কোহিস্তানেও ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। দিঘরি এলাকার মিরপুরখাস ভোটকেন্দ্রের বাইরে গোলাগুলির ঘটনায় সিকান্দার নুহানি নামের একজন নিহত হয়েছে।