বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বগুড়া ৭ ( শাজাহানপুর-গাবতলী) এলাকার সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুকে প্রধান আসামী করে বিএনপি- জামায়াতের ৬২ জন নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে শাজাহানপুর থানা পুলিশ। গত রবিবার উপ- পরিদর্শক(এসআই) বারব আলী বাদী হয়ে থানায় এ মামলাটি দায়ের করেন। অপরদিকে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে পুলিশ নেতাকর্মীদের হয়রানি করার জন্য আবারো একের পর এক নাটক সাজিয়ে নতুন ষড়যন্ত্রমূলক মামলা সৃষ্টি করছে ।
মামলা সুত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত পৌনে ২ টার দিকে উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি শফিকুল ইসলাম শফিকের মোস্তাইল বাজারস্থ বসতবাড়িতে বিএনপি- জামায়াতের নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে বিশৃংখলা করে নিজেদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নাশকতামূলক কর্মকান্ড করার প্রস্তুতিমূলক গোপন বৈঠক করছিল। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালায় । পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা পালিয়ে যায়। এ সময় শফিকের বাড়ি তল্লাশী চালিয়ে পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে ১২ টি পেট্রোল বোমা, বিপুল সংখ্যক ইটের টুকরা উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয় ।
মামলায় ৩৭ জন এজাহারনামীয় ও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে । এ মামলার অন্যতম আসামীরা হলেন, উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক মাহবুবর রহমান দুদু, আনোয়ার হোসেন, আজিজুর রহমান বিদ্যুৎ, মোখলেছুর রহমান, চোপীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমরান হোসেন, উপজেলা যুবদলের সভাপতি এনামুল হক শাহীন, সিনিয়র-সহ সভাপতি আজমল হুদা শহিদ, উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক বাদশা সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল লতিফ বাবু, শ্রমিক কল্যাণ সম্পাদক শাহাদত, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক রিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম রেজা, যুগ্ম- আহবায়ক শহিদুল ইসলাম খোকন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম- সম্পাদক আরিফুল ইসলাম মিঠু, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান জিয়া, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ মামলার ৬ নম্বর আসামী উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোখলেছুর রহমান বর্তমানে হজ¦ পালনের জন্য সৌদি আরব অবস্থান করছেন। এখনো তিনি দেশে ফিরেনি ।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) রুম্মান হাসান জানান, মামলার আসামীরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে ।
অপরদিকে বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিকের স্ত্রী আকলিমা বেগম সাংবাদিকদের জানান, গত ২ সেপ্টেম্বর পুলিশের দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলার আসামী তার স্বামী। তারপর থেকেই তিনি (স্বামী) বাড়ি ছাড়া। প্রতিদিনের ন্যায় সে কলেজ পড়–য়া এক মেয়ে ও দুই বছর বয়সের শিশুপুত্রকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক পৌনে ২ টার দিকে দরজায় বিকট শব্দ শুনে আতংকে তার ঘুম ভেঙ্গে যায়। দরজার ওপাশ বলা হচ্ছে দরজা খুলুন আমরা পুলিশের লোক। তখন সে দরজা খুলে দিলে পুলিশ বাড়িতে ঢুকে পড়ে এবং তল্লাসী চালায়। পরিকল্পিতভাবে পুলিশেরা পেট্রোল বোমা সাথে করে নিয়ে এসে ফাঁসানোর জন্য এই নাটক সাজিয়েছে বলে তিনি দাবি করেন ।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, আওয়ামীলীগ সরকার আবারো দেশের সর্ববৃহৎ জনপ্রিয় দল বিএনপিকে ছাড়া নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে । তারই অংশ হিসেবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদেরকে হয়রানি ও এলাকা ছাড়া করতে একের পর এক আবারো নাটক সাজিয়ে নতুন নতুন ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করছে।
যত মামলাই দিক আন্দোলনের ডাক এলে রাজপথে থেকে গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ন আন্দোলনের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে ঘরে ফিরবে শহীদ জিয়ার সৈনিকেরা। উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল দলীয় কার্যালয়ে বিকেলে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। এ প্রোগ্রামের ইস্যুকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে ওই রাতেই উপজেলা বিএনপির আহবায়ক আবুল বাশারকে প্রধান আসামী করে দলের ৬০ নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলা দায়ের করে । ্উক্ত মামলারও ২৫ নং এজাহারনামীয় আসামী মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খায়রুল বাশার হজ¦ পালন করতে সৌদি আরব গিয়েছেন ।