বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
জিয়াউর রহমান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ৪০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। রোববার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মাঝিড়া বন্দরে চেকপোষ্ট বসিয়ে ফেন্সিডিল ও তাদের ব্যবহৃত সিএনজি চালিত অটোটেম্পু সহ তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির টাকাও উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, সদর উপজেলার কর্ণপুর পশ্চিম পাড়ার মৃত ফয়েজ সরদারের পুত্র আব্দুর রাজ্জাক (৩৩) ও শাজাহানপুর উপজেলার বীরকুল্ল্যা দক্ষিণপাড়া গ্রামের টুকু ফকিরের পুত্র মাসুদ রানা (২৭)।
থানার এসআই রুম্মান জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া বন্দরে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিএনজি চালিত অটোটেম্পু চালক মাসুদ ফকির ও যাত্রীর বেশে থাকা মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে আটক করা হয়। তাদের দেহ তল্লাসী করে ১২ বোতল ও অটোরিক্সার নিচের দিকে প্লেনসীট দিয়ে বিশেষভাবে তৈরী করা বক্স থেকে ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়াও মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের কাছ থেকে মাদক বিক্রির ১৩ হাজার ৫’শ টাকা পাওয়া গেছে। তাদের ব্যবহৃত সিএনজি চালিত অটোটেম্পু (বগুড়া-থ-১১-০০৮০) জব্দ করা হয়েছে। আব্দুর রাজ্জাক চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দিনাজপুর, বগুড়া সদর ও ঢাকায় তিনটি মাদক মামলা রয়েছে। সোমবার তাদেরকে নিয়মিত মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে