বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

রিট খারিজ, একাদশ সংসদের এমপিদের শপথ বৈধ

নিউজ ডেস্ক: দশম সংসদ না ভেঙে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গত ৬ ফেব্রুয়ারি এই রিটের ওপর শুনানি শেষ হয়। এ বিষয়ে আদেশ দেয়ার জন্য আজ সোমবার (১৮ ফেব্রুয়ারি) দিন ঠিক করেছিলেন হাইকোর্ট। আজ হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দেন।

আদালতে ওইদিন (৬ ফেব্রুয়ারি) রিট আবেদনের ওপর শুনানি করেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সাকিব মাহবুব। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, মোখলেছুর রহমান প্রমুখ।

সংবিধান অনুসারে দশম জাতীয় সংসদ না ভেঙে দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নেয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৮ জানুয়ারি জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিশ দেয়া হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তাহেরুল ইসলাম তাওহীদের পক্ষে নোটিশটি প্রেরণ করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com