বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে সারাদেশে আংশিক নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
বিআইডব্লিউটিএ’র ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক (ট্রাফিক) আলমগীর কবির কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৭ নম্বর বিপদ সংকেত ঘোষণা করার পর আমরা সারা দেশে আংশিক নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছি।
বিআইডব্লিউটিসিএ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে মাওয়া ফেরিঘাটে সীমিত আকারে ফেরি চলাচল করছে। আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হলে বন্ধ করা হবে। তবে আরিচায় ফেরি চলাচল স্বাভাবিক আছে।
এর আগে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মাহবুবুল ইসলাম জানিয়েছিলেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে উপকূলীয় অঞ্চলের সব ধরনের নৌযান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে । একই সঙ্গে ওইসব এলাকার বিআইডব্লিউটিএর সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান আরো জানিয়েছেন, আপাতত উপকূলীয় অঞ্চলের সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ঢাকা-বরিশাল রুটের লঞ্চ বন্ধ রাখা হয়েছে। তবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে আসতে পারবে। ঢাকা-চাঁদপুর রুটে লঞ্চ চলবে।
পাটুরিয়া-দৌলতদিয়া, মাওয়া- কাঠালবাড়ি ফেরী চলাচল স্বাভাবিক থাকবে । মাওয়া-কাওড়াকান্দি রুটে স্পিডবোট ও লঞ্চ বন্ধ থাকবে। আগামীকাল সকাল পর্যন্ত এভাবেই নির্দেশ কার্যকর থাকবে। কাল সকালের পরে পরিস্থিতি দেখে নতুন সিদ্ধান্ত দেওয়া হবে।