বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : পশ্চিমবঙ্গের স্থলভাগ অতিক্রম করছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল। শনিবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ ও সাগরদ্বীপ হয়ে স্থলভাগে প্রবেশ করে ঘূর্ণিঝড়টি। এর পর বাংলাদেশের সুন্দরবন অংশের দিকে এগিয়ে যায় এটি। ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত অন্তত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮। তারা বলছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশায় বুলবুলের তাণ্ডবে দুজনের মৃত্যু হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু উল্লেখ করেনি সংবাদমাধ্যমটি। ভারতীয় গণমাধ্যম জানায়, আপাতত সাগরদ্বীপ-বকখালির মাঝে বুলবুলের অবস্থান। ঝড়ে একাধিক কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বুলবুলের জেরে বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ রয়েছে। ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়েছে বিমানবন্দর। বুলবুলের প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনিপুর, কলকাতা এবং ওড়িশা রাজ্যের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়ায় বহু গাছ উপড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। সুন্দরবন-সংলগ্ন অঞ্চল দিয়ে স্থলভাগে আছড়ে পড়ার আগে কিছুটা শক্তিক্ষয় হলেও বুলবুলের তাণ্ডবলীলা থেকে রেহাই পায়নি পশ্চিমবঙ্গ। রাজ্যের পূর্ব মেদিনিপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশ লন্ডভন্ড হয়েছে বুলবুলের তাণ্ডবে। বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ভোগান্তিতে মানুষ।