বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : প্রচণ্ড ঠাণ্ডায় জুবুথুবু অবস্থা। এর মধ্যেই মধ্যরাতে হয়ে গেল হালকা বৃষ্টি। গুঁড়ি গুঁড়ি এ বৃষ্টিপাতে ঠাণ্ডা যেন আরো বেড়ে গেছে। ছুটির দিন হওয়ায় রাজধানীবাসী অনেকেই সকালে খুব জরুরি কাজ ছাড়া ঘর ছেড়ে বের হয়নি।
আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে রাতে বৃষ্টিপাতের চিহ্ন দেখা যায়। বিভিন্ন স্থানে রাস্তার ওপর জমে ছিল কাঁদা ও পানি। তবে শুধু রাজধানীই নয়, দেশের বিভিন্ন অঞ্চল থেকেই বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
গৃহহীন ভাসমান মানুষদের এ ঠাণ্ডার সঙ্গে বৃষ্টিতে দুর্ভোগ আরো বেড়ে যায়। বৃষ্টিতে ভেজার কষ্ট তো পেতে হয়েছে, সেই সঙ্গে শীতে কষ্টে পড়তে হয়েছিল অনেককে।
দেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে চরাঞ্চলে অভাবী মানুষদের শীতবস্ত্রের অভাবের সঙ্গে বৃষ্টিপাতে কষ্টের মাত্রা বেড়ে গেছে। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন, যার কারণে বেড়েছে অগ্নি দুর্ঘটনা।
আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত হতে পারে। মধ্যরাতে শুরু হয়েছে সে বৃষ্টি। বৃহস্পতিবার রাত ১টার দিকে রাজধানী বিভিন্ন এলাকায় এ বৃষ্টি হয়।
আজ শুক্রবারও দেশের কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। পরবর্তী দুদিনেও হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেসঙ্গে কমবে তাপমাত্রাও। বৃষ্টির কারণে শীতের তীব্রতা বেড়েছে।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।