বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্ট :
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ময়মনসিংহ বিভাগীয় বইমেলা-২০২৪ ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে নগরীর টাউনহল মাঠ প্রাঙ্গনে ফিতা কেটে বেলুন উড়িয়ে আট দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বইমেলা ১৫-২২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। বইমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করে তিনি প্রধান অতিথি বক্তব্যে বলেন জ্ঞানের মাধ্যম হচ্ছে বই।
অনলাইন সংস্করণ নয়,বরং চোখ দিয়ে যখন বই পড়া হয়, তখন তা হৃদয়ের সাথে মননশীলতার সাথে একিভূত হয়। কাজেই মুদ্রিত বই পড়ার অভ্যাস করতে হবে। বই মানুষের আত্মাকে পৃথিবীব্যাপী ব্যাপ্ত করতে পারে।
বইয়ের মতো অকৃত্রিম বন্ধু আর কেউ হতে পারে না। প্রাণের মেলা, মিলন মেলা, বই মেলা সফল করতে তিনি পাঠকসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য যে ময়মনসিংহ বিভাগীয় বইমেলা ২০২৪ ইং এ ৮টি সরকারি, ৫৭ টি বেসরকারি ও ৬ টি সেবাধর্মী স্টল ও প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ইউসুফ আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুর রব মোশাররফ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান আকন্দ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বই মেলার স্টলগুলো পরিদর্শন করেন। আগামী ২২ নভেম্বর (শুক্রবার) বিকেল ৩ টায় সমাপনী পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া বইমেলা চলাকালীন প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।