বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
নুর মোহাম্মদ পাটোয়ারী
হাজিগঞ্জ উপজেলার মালিগাঁও নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও আব্দুল মান্নান পাটোয়ারী এতিমখানার পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ৯ নং গন্ধ্যবপুর ইউনিয়নের মালিগাঁও পশ্চিম পাড়ার হাজী বাড়ির সামনে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবু তাহের তালুকদার। সঞ্চালনা করেন মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক হাফেজ মাওলানা রবিউল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং গন্ধ্যবপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল। তিনি তার বক্তব্যে বলেন, “মালিগাঁও নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও আব্দুল মান্নান পাটোয়ারী এতিমখানা এই এলাকার একটি অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এখান থেকে শিক্ষার্থীরা ধর্মীয় এবং সাধারণ শিক্ষায় আলোকিত হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মীর হোসাইন পাটোয়ারী রাজু। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে গড়ে তোলা। এই প্রতিষ্ঠান এতিম ও অসহায় শিশুদের জন্য একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করছে।”
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রধান শিক্ষক হাফেজ মাওলানা বেলাল হোসাইন, স্থানীয় সাবেক ইউপি সদস্য মাহবুবুল আলম বাচ্চু, বর্তমান ইউপি সদস্য হাবিবুর রহমান বাবলু, সালেহ আহমদ মাস্টার এবং পালিসারা মিয়াজী বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইলিয়াস হোসাইন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে শিক্ষাপ্রসঙ্গী উপহার তুলে দেন। বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা বেলাল হোসাইন।
২০২৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিতে যাওয়া এই শিক্ষার্থীরা মাদ্রাসার সুনাম বৃদ্ধির পাশাপাশি নিজেদের ভবিষ্যত উজ্জ্বল করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।