বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
নুর মোহাম্মদ পাটোয়ারী
হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর বাজার সংগল্ন ব্রিজের ওপর থেকে একটি ড্যামি পিস্তল উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সোমবার (৫ মে) দুপুরে এই অভিযান পরিচালিত হয়।
জানা যায়, সুহিলপুর এবিএস ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাহফুজ (১৫), সাড়াশিয়া গ্রামের মাসুদ খন্দকারের ছেলে, তারই প্রতিবেশী বড় বাড়ির নাছিরের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে কোমর থেকে একটি কালো রুমালে মোড়ানো পিস্তল সদৃশ বস্তু বের করে। এ সময় স্থানীয় যুবক ফারুক দ্রুত তা জব্দ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।
ফারুক বলেন, “আমরা চা খাচ্ছিলাম। হঠাৎ মারামারির শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখি, ছেলেটির হাতে পিস্তলের মতো কিছু একটা। সঙ্গে সঙ্গে সেটি উদ্ধার করে পুলিশকে খবর দিই।”
পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে অভিযানে নামে এবং ড্যামি পিস্তলটির সঙ্গে আরও তিন রাউন্ড কাট্টুক (খালি খোসা) উদ্ধার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, “মাহফুজ নিজেই তার কোমর থেকে রুমালে মোড়ানো ওই পিস্তলটি বের করে। আমরা নিজের চোখে দেখেছি।”
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন ফারুক বলেন, “আমরা একটি ড্যামি পিস্তল উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি নকল বলে মনে হচ্ছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”