বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

১০ মাস পর আ. লীগ নেতার মোস্তফা কামাল মজুমদারের মরদেহ উত্তোলন

মৃত্যুর ১০ মাস পর চাঁদপুরের শাহরাস্তিতে আদালতের নির্দেশে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সূচীপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের মরদেহ কবর থেকে তোলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নে পারিবারিক কবরস্থান থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার থানা পুলিশের সহযোগিতায় এই মরদেহ তোলা হয়। এর আগে গত বছরের ৫ আগস্ট গভীর রাতে বাড়ির পাশের ডোবার পানি থেকে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের মরদেহ উদ্ধার করা হয়।

তার মৃত্যুর ৬ মাস পর গত ৪ ফেব্রুয়ারি স্ত্রী ফাতেমা কামাল বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি হত্যা মামলা  করেন।

মামলার বাদী সাংবাদিকদের বলেন, তার স্বামীর মৃত্যুর প্রকৃত কারণ জানতেই আইনের আশ্রয় নিয়েছেন। মোস্তফা কামাল মজুমদারের ভাই হুমায়ুন কবির মজুমদার বলেন, কাউকে হয়রানি করতে নয়—ঘটনার রাতে ভাই কিভাবে ডোবায় মারা গেলেন তা খতিয়ে দেখার জন্য আদালতের দ্বারস্থ হয়েছি।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, মৃত চেয়ারম্যান মোস্তফা কামালের স্ত্রীর করা মামলা ও আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, আদালতের নির্দেশে সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের লাশ উত্তোলন করে ফরেনসিক পরীক্ষার জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com