বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, কোরআনের হাফেজ আবু হুজাইফা নিহত

চুয়াডাঙ্গা সদর উপজেলার গহেরপুর-সড়াবাড়িয়া সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আবু হুজাইফা শুভ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি কোরআনের হাফেজ বলে জানা গেছে। এ ঘটনায় তার ফুফাতো ভাই সোলাইমান হক (২০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৩টার দিকে শুভ ও সোলাইমান একটি মোটরসাইকেলে করে আক্কাস লেক ভিউ পার্ক থেকে বাড়ি ফিরছিলেন। পথে গহেরপুর ব্রিক ফিল্ডের কাছে একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শুভকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. ইসরাত জাহান জেসি বলেন, আহত অবস্থায় নিয়ে আসা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই শুভ মারা যান। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ছিল।

নিহত শুভ যশোরের মনিরামপুর উপজেলার একটি কওমি মাদ্রাসার ছাত্র ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি সদালাপী ও ধর্মপ্রাণ তরুণ ছিলেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com