বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ব্রিজ নির্মাণে অব্যবস্থা, পূর্বধলার পাঁচ গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন।

বিশেষ প্রতিনিধি:

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের আলিপুর গ্রামে সোয়াই নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের কাজে চরম অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চলমান এই কাজের ধীরগতি ও সঠিক পরিকল্পনার অভাবে দুর্ভোগে পড়েছেন আশপাশের পাঁচ গ্রামের হাজারো মানুষ।

নির্মাণ কাজ চলাকালে সাধারণ মানুষের চলাচলের জন্য কোনো সরকারি উদ্যোগে বিকল্প রাস্তা তৈরি করা হয়নি। বাধ্য হয়ে এলাকাবাসী নিজেরাই একটি অস্থায়ী ডাইভারশন সড়ক নির্মাণ করেছিলেন। কিন্তু সম্প্রতি নির্মাণাধীন ব্রিজ এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কোনো পূর্ব ঘোষণা বা সতর্কতা ছাড়াই হঠাৎ করে বাঁধ খুলে দিলে বিপর্যয় নেমে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলিপুর এলাকার সুবহানের ব্রিজে বেশ কিছুদিন ধরে পানির প্রবাহ বন্ধ রেখে বাঁধ দিয়ে কাজ চলছিল। এতে নদীর এক পাশে পানি জমে যায়। ২৯ জুন রাতে হঠাৎ সেই পানি ছেড়ে দিলে প্রবল স্রোতে ভেসে যায় অস্থায়ী ডাইভারশন সড়কটি। মুহূর্তেই পাঁচ গ্রামের সঙ্গে পূর্বধলা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পানির তোড়ে ভেসে যায় নিজামপুর ব্রিজ সংলগ্ন দোকানপাট, বড় বড় গাছপালা এবং অন্যান্য স্থাপনা।

নিজামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই বলেন, “দীর্ঘদিন ধরে বাঁধ দিয়ে পানি আটকে রেখেছিল ঠিকাদার। গতরাতে হঠাৎ বাঁধ ছেড়ে দেওয়ায় আমাদের তৈরি বিকল্প সড়ক ভেঙে যায়। এতে দোকানঘরসহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এটা ঠিকাদারের চরম অবহেলা।”

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো. শারাওয়াত হোসেন জানান, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঠিকাদারকে নির্দেশ দিয়েছি, যাতে জরুরি ভিত্তিতে নতুন বিকল্প রাস্তা তৈরি করা হয়।”

ব্রিজ নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মো. সৈকত বলেন, “স্থানীয়দের চলাচলের জন্য দ্রুত বিকল্প সড়ক তৈরি করা হবে। আর ভেসে যাওয়া দোকানসহ অন্যান্য ক্ষয়ক্ষতির বিষয়েও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”

এদিকে ডাইভারশন ভেঙে যাওয়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। জরুরি চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি—দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হোক এবং ব্রিজ নির্মাণ কাজ যেন যথাযথ পরিকল্পনা ও তদারকির মাধ্যমে দ্রুত সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com