বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
মজিবুর রহমান রনি
স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জে আনন্দ মিছিল ও জনসভা করেছে বিএনপি। সোমবার (৫ আগস্ট) বিকালে হাজীগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে শুরু হয়ে এক কিলোমিটার জুড়ে বের হওয়া মিছিলে অংশ নেয় উপজেলা ও পৌর বিএনপির কয়েক হাজার নেতাকর্মী।
মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক।
পরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ছাত্র-জনতার শহীদের রক্তের বিনিময়ে যে গণঅভ্যুত্থান হয়েছে, আজ তার এক বছর। এটি শুধু আনন্দ নয়, একটি নতুন বাংলাদেশ গঠনের সূচনা। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অবসানে আমরা সত্যিকারের গণতন্ত্র ফিরে পেয়েছি।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগ মানুষের বাকস্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছেন, অনেকে শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা আজ একত্রিত হয়েছি।”
তরুণদের উদ্দেশে মমিনুল হক বলেন, “নতুন প্রজন্মের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই।”
সমাবেশে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতারা বলেন, “আমাদের তৃণমূল সংগঠন এখন অনেক সুসংগঠিত। যে গণঅভ্যুত্থান শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে, সেই শক্তি আমরা ধরে রাখব।”
সমাবেশটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী। এতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজারো তৃণমূল কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রয়াত আজাদ সরকারের আত্মত্যাগ এবং অন্যান্য নেতাকর্মীর ওপর নিপীড়নের প্রসঙ্গ উঠে আসে। বক্তারা বলেন, “আমরা তাদের পাশে আছি এবং থাকব।”
অনুষ্ঠান শেষে দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো হাজীগঞ্জ বাজার এলাকা। স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ের মধ্যে এটি ছিল অন্যতম বড় রাজনৈতিক জমায়েত।