বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
হাজীগঞ্জে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা শেষে কুমিল্লার বাসায় ফেরার পথে মো. নাজমুল হাসান আখন্দ নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রের ভাষ্য, বুধবার নাজমুল হাসান কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রাইভেট কার চালিয়ে কুমিল্লার বাসায় ফিরছিলেন। ফেরার পথে বেলা তিনটার দিকে কুমিল্লার লাকসাম উপজেলার বিজরা এলাকায় কয়েকজন উচ্ছৃঙ্খল মোটরসাইকেলচালক তাঁকে ধাওয়া করেন। একপর্যায়ে তাঁর গাড়ির লুকিং গ্লাস ভেঙে দেন তাঁরা। এ ঘটনায় আতঙ্কে অসুস্থ হয়ে তিনি মারা যেতে পারেন।
চিকিৎসক মো. নাজমুল হাসান আখন্দ কুমিল্লা নগরের বাদুড়তলা এলাকার বাসিন্দা। তিনি একই এলাকার সিডি প্যাথ অ্যান্ড হসপিটালে ৩০ বছর ধরে রোগী দেখতেন। এই চর্ম, যৌন, অ্যালার্জি ও কুষ্ঠরোগ–বিশেষজ্ঞ সপ্তাহের প্রতি বুধবার সকালে চাঁদপুরের হাজীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে রোগী দেখতেন
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লায় ফেরার পথে লাকসামের বিজরা এলাকায় দু-তিনটি মোটরসাইকেলের আরোহীরা নাজমুল হাসানের প্রাইভেট কারকে ধাওয়া করেন। একপর্যায়ে তাঁরা গাড়ির লুকিং গ্লাস ভেঙে দিয়ে পালিয়ে যান। পরে দুটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়কের পাশেই থেমে যান তিনি। এ সময় স্থানীয় কয়েকজন অসুস্থ অবস্থায় তাঁকে কুমিল্লা সিডি প্যাথ অ্যান্ড হসপিটালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক জানান, হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে সিডি প্যাথ অ্যান্ড হসপিটালের প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দিন মুন্সী বলেন, ‘মূল ঘটনাটা আসলে কী, সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। কারণ, ডাক্তার নাজমুল একাই ছিলেন গাড়িতে। আমরাও স্থানীয় লোকজন এবং পুলিশের কাছে এমন কথা শুনেছি।’ তিনি জানান, নাজমুল হাসান আখন্দের গ্রামের বাড়ি জেলার দাউদকান্দি উপজেলায়। তিনি দুই সন্তানের জনক।
ওসি নাজনীন সুলতানা বলেন, ‘ধারণা করা হচ্ছে, এ ঘটনার কারণে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। তবে হাইওয়ে পুলিশ ও আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।’