বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
মশিউর রহমান (ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি)
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত মহান স্বাধীনতার স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উপজেলাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
দিবসের সূচনায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া। এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, পৌরসভা, ফরিদগঞ্জ প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পরে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও মনোরম ডিসপ্লে অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আনসার ও ভিডিপি এবং অন্যান্য সংগঠন অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম. জাহিদ হাসান, সেনাবাহিনীর ক্যাপ্টেন রিফাত আল আসমাউল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।