বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
মশিউর রহমান ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাব কতৃক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে ফরিদগঞ্জ আবিদুর রেজা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামে।
ফাইনাল খেলায় শক্ত প্রতিদ্বন্দ্বী খাজুরিয়া ফুটবল একাডেমি একাদশের বিপক্ষে ১৯ ব্যাচ ফরিদগঞ্জ নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র করে। ফলে ম্যাচের নিষ্পত্তি গড়ায় ট্রাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকারে খাজুরিয়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে ১৯ ব্যাচ ফরিদগঞ্জ। টুর্নামেন্টে রানার্স আপ হয় খাজুরিয়া একাদশ।
খেলাটি উপভোগ করতে মাঠের চারপাশে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের রূপ নেয়। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ও গতিময় ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে দু’দলের একাধিক আক্রমণ ও পাল্টা আক্রমণে দর্শকদের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে ১৯ ব্যাচ ফরিদগঞ্জ কৌশলগত দক্ষতা, দলগত সমন্বয় ও মাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করলেও কোন দলই গোলের দেখা পায়নি। পরে ট্রাইব্রেকারে ১৯ ব্যাচ ফরিদগঞ্জ জয় নিশ্চিত করলে মাঠজুড়ে করতালি, উল্লাস ও আনন্দধ্বনিতে মুখর হয়ে ওঠে পরিবেশ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড (ভূমি) এম এ জাহিদ হাসান, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ লিটন, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশীদ পাঠানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে অতিথিরা বিজয়ী দল ১৯ ব্যাচ ফরিদগঞ্জ এবং রানার্স আপ খাজুরিয়া একাদশের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
ট্রাইবেকারে খাজুরিয়া ফুটবল একাডেমি 8 গোল করে, অপরদিকে ১৯ ব্যাচ ফরিদগঞ্জ ট্রাইবেকারে ৫ গোল করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দল ১ লক্ষ টাকা এবং রানার্স আপ দল ৫০ হাজার টাকা পুরস্কৃত হয়। এ সময় অতিথিরা বলেন, খেলাধুলা যুবসমাজকে সুস্থ ও শৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়াচর্চার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজক কমিটি জানায়, এলাকার তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করতেই এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। দর্শক, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় টুর্নামেন্টটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন নুরুন্নবী নোমান, সভাপতি ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটি। এছাড়াও সার্বিকভাবে সহযোগিতা করেন টুর্নামেন্ট কমিটির সদস্য জিয়াউর রহমান ও আনোয়ার হোসেনসহ সকল সদস্যবৃন্দ। খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন গিয়াস উদ্দিন প্রমুখ। খেলাদেখার জন্য ফরিদগঞ্জ আবিদুর রেজা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৬/৭ হাজার দর্শকের সমাগম ঘটে।