বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
মশিউর রহমান (ফরিদগঞ্জ প্রতিনিধি):
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন সাহেবগঞ্জ সাধু যোসেফের গির্জায় জেলা পুলিশ, চাঁদপুরের পক্ষ থেকে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সহাবস্থানের বার্তা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, হাজীগঞ্জ সার্কেল। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, অফিসার ইনচার্জ, ফরিদগঞ্জ থানা এবং ফরিদগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত)। পাশাপাশি গির্জা পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং খ্রিষ্টান সম্প্রদায়ের নারী-পুরুষ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বড়দিন ভালোবাসা, শান্তি ও মানবতার বার্তা বহন করে। জেলা পুলিশের এমন উদ্যোগ বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি আরও জোরদার করে। পুলিশ প্রশাসন সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে কেক কাটা হয় এবং খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় বড়দিন উপলক্ষে জনাব মোঃ রবিউল হাসান, পুলিশ সুপার, চাঁদপুর-এর পক্ষ থেকে খ্রিষ্টান সম্প্রদায়ের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।