বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
মেঘনাপোষ্ট ডেস্ক রিপোর্ট :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় আসন্ন নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধানিয়া তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেনের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় নির্বাচন অফিস প্রাঙ্গণে তাঁর সমর্থক উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জাকির হোসেন প্রধানিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। মনোনয়নপত্র জমাদানের সময় তিনি নির্বাচন সংক্রান্ত সকল নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেন।
মনোনয়নপত্র জমা শেষে উপস্থিত সাংবাদিকরা তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য না করে সাংবাদিকদের সঙ্গে কথা বলা এড়িয়ে যান এবং দ্রুত নির্বাচন অফিস ত্যাগ করেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি শুরুতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ থেকে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলামকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এর পরপরই রাজনৈতিক অবস্থান নিয়ে জাকির হোসেন প্রধানিয়ার ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়।
এদিকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে তিনি দাবি করে আসছেন যে, তিনি আওয়ামী লীগের সকল দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। তবে সাংবাদিকরা তাঁর কাছে পদত্যাগপত্র দেখতে চাইলে তিনি তা উপস্থাপন করতে ব্যর্থ হন, যা তাঁর দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শিগগিরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এই আসনে একাধিক প্রার্থীর অংশগ্রহণ ও রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের কারণে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা, কৌতূহল ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।