বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ফরিদগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গণদোয়া ও বিশেষ মোনাজাত

মশিউর রহমান – ফরিদগঞ্জ প্রতিনিধি :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে চাঁদপুরের ফরিদগঞ্জে আছরের নামাজের পর তাঁর রুহের মাগফিরাত কামনায় গণদোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন হারুনুর রশিদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সম্মুখে অবস্থিত বিআরডিবি মাঠে আয়োজিত এ গণদোয়া ও বিশেষ মোনাজাতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামেল মাদ্রাসার উপাধ্যক্ষ ও ফরিদগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মমিনুল ইসলাম। মোনাজাতে তিনি মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি মহান আল্লাহর পক্ষ থেকে ধৈর্য ও সান্ত্বনা প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।

গণদোয়া ও বিশেষ মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শরীফ মুহাম্মদ ইউনুস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, মজিবুর রহমান ভিপি (দুলাল), ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিয়াজি এবং ফরিদগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইউনুস হেলাল। এ সময় ফরিদগঞ্জ উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের নেতৃত্ববৃন্দ, শিক্ষক সমাজের প্রতিনিধি, আলেম-ওলামা, দলীয় সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ জনগণ দল-মত নির্বিশেষে গণদোয়া ও বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে বিআরডিবি মাঠে এক শোকাবহ, ভাবগম্ভীর ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

দেশের রাজনৈতিক অঙ্গনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দীর্ঘ সময়ের এক প্রভাবশালী, জনপ্রিয় ও আপসহীন নেত্রী। তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে জাতীয় রাজনীতিতে দৃঢ় অবস্থান তৈরি করেন। গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠা এবং সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতায় তাঁর অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।

তাঁর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা সংকট, আন্দোলন ও প্রতিকূলতার মধ্যেও আপসহীন নেতৃত্বের পরিচয় দেন। ব্যক্তিগত জীবনে নানাবিধ শারীরিক জটিলতায় ভুগলেও দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রশ্নে তিনি ছিলেন দৃঢ় ও অবিচল।

দেশের রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের মতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশ একজন প্রবীণ, অভিজ্ঞ ও প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে। গণদোয়া ও বিশেষ মোনাজাতে অংশগ্রহণকারীরা মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর রাজনৈতিক ও গণতান্ত্রিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com