বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশন (ইফা) কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ইমামগণ সম্মানীয়। মহামান্য রাষ্ট্রপতিও ইমামের পেছনে নামাজ পড়েন। আমি একজন ইমামের পেছনে নামাজ পড়ি। বাংলাদেশের গ্রাম গঞ্জে মসজিদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। আর সেখানে ইসলামের সৌন্দর্য ফুটতেই থাকবে। এটা প্রত্যেক ইমামেরই অর্জন। তিনি আরো বলেন, সামনে জাতীয় নির্বাচন। এ নিয়ে বিভিন্ন জেলায় নির্বাচন অফিস ভাংচুর করে দুষ্কৃতকারীরা। আর চাঁদপুরে সেটি হয় নি। তার কারণ চাঁদপুরের মানুষ সচেতন। তিনি ইমামদের উদ্দেশ্য বলেন, গণভোটের জন্যে মুসল্লিদের বলবেন। ‘হ্যাঁ’ ভোটের বিষয়টি মসজিদের মুসল্লিদের কাছে তুলে ধরবেন। আমি নির্বাচনকে
উৎসবমুখর করতে সঠিক দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। অতীতে নির্বাচনের ন্যায় কুসংস্কার এ নির্বাচনে থাকবে না। যিনিই নির্বাচন করবেন তিনি মানুষের সেবক হতে হবে। আমরাও প্রশাসনে যারা চাকুরি করি, তারা সরকারের চাকর।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইফার সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন মাহিন। স্বাগত বক্তব্য রাখেন ইফার উপ-পরিচালক মো. সেলিম সরকার।
ইফার চাঁদপুর সদর উপজেলা ফিল্ড অফিসার মো. জুলফিকার হাসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর সদর উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাও. মো. মাহাদী হাসান। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ মডেল মসজিদের ইমাম ও খতিব মাও. মো. মিজানুর রহমান। সম্মেলনে অংশ নেন চাঁদপুরের আট উপজেলার মসজিদের ইমামগণ।