বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করার স্লোগান দিয়ে ঝটিকা মিছিল হয়েছে। এ সময় বিএনপির কর্মীরা ধাওয়া করে দুজনকে আটক করেন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাতটার দিকে উপজেলার বাইপাস সড়কের সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে আটক দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাতটায় দুটি মাইক্রোবাসে করে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় (মতলব দক্ষিণ) আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উপজেলার বাইপাস সড়কের সেতু এলাকায় ঝটিকা মিছিল বের করেন। ‘নির্বাচন মানি না, মানব না, প্রতিহত করব’–জাতীয় স্লোগান দেন তারা। তাদের সঙ্গে জেলার কচুয়া ও শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের কিছু কর্মী-সমর্থকও ছিলেন। সেখানে ২০ থেকে ২৫ জন ছিলেন। এ সময় স্থানীয় লোকজন ও বিএনপির কর্মীরা তাদের ধাওয়া করেন। তাদের প্রায় সবাই মাইক্রোবাসে উঠে দ্রুত এলাকা ত্যাগ করেন। তবে ইসমাইল হোসেন ও ইয়ামিন হোসেনকে আটক করা হয়। পরে তাদের সেখানকার টহল পুলিশের কাছে সোপর্দ করা হয়।