বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
নুর মোহাম্মদ পাটোয়ারী…
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক আবারও নির্বাচনী আলোচনার কেন্দ্র বিন্দুতে। দীর্ঘদিন ধরে তিনি এই আসনে সংগঠিত, ধারাবাহিক ও মাঠ কেন্দ্রিক রাজনীতি করে আসছেন। দলের কঠিন সময়ে নেতা-কর্মীদের পাশে থাকা, নিয়মিত গণসংযোগ, তৃণমূল পর্যায়ে কর্মী সমাবেশ এবং স্থানীয় রাজনৈতিক বাস্তবতায় তার ধারাবাহিক উপস্থিতি তাকে এলাকায় একটি নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে।
এবারের নির্বাচনে এই আসনে সরাসরি প্রধান দুই দলের ক্লাসিক মুখোমুখি লড়াই নেই, তবে প্রতিদ্বন্দ্বিতা আরও বহুমাত্রিক হয়েছে। নির্বাচনের মাঠে রয়েছেন দশ দলীয় জোটের এলডিপি-সমর্থিত ড. নেয়ামুল বশির, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী পাটোয়ারি, জাতীয় পার্টির মির্জা গিয়াস উদ্দিন, ইসলামিক ফ্রন্টের সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. মাহমুদ হাসান নয়ন, স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানীয়া। বহুদলীয় এই প্রতিযোগিতা আসনটিকে আরও জটিল সমীকরণে নিয়ে গেছে, যেখানে প্রতিটি প্রার্থী নিজস্ব ভোট ঘর ধরে রাখার চেষ্টা করছেন।
ইঞ্জিনিয়ার মমিনুল হক ভোটারদের সামনে একটি সুসংগঠিত উন্নয়ন ভিশন উপস্থাপন করছেন। তার পরিকল্পনায় রয়েছে এলাকার সড়ক ও অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কৃষকদের আধুনিক সহায়তা ও সহজলভ্য বাজার ব্যবস্থা তৈরির উদ্যোগ। বিশেষভাবে তিনি গুরুত্ব দিচ্ছেন তরুণদের জন্য দক্ষতা-ভিত্তিক প্রশিক্ষণ ও কর্মসংস্থান বাড়ানোর ওপর। হাজীগঞ্জ ও শাহরাস্তির দীর্ঘদিনের উন্নয়ন ঘাটতি কাটাতে তিনি নির্বাচনী অঙ্গীকার হিসেবে কার্যকর উদ্যোগের আশ্বাস দিয়েছেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিনের মাঠ পর্যায়ের রাজনীতি এবং সংগঠনের প্রতি তার দায়বদ্ধতা মমিনুল হককে অন্য প্রার্থীদের তুলনায় আলাদা অবস্থানে রেখেছে। তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক, নিয়মিত উপস্থিতি এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তাকে ভোটারদের কাছে একটি স্থিতিশীল ও পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে।
চাঁদপুর-৫ আসনে এবারের নির্বাচন শুধু প্রতীক বা দলীয় সমীকরণের নয়, বরং আস্থা ভিত্তিক নেতৃত্ব বেছে নেওয়ারও পরীক্ষা। ভোটাররা এমন একজন প্রতিনিধিকে খুঁজছেন, যিনি নির্বাচনের সময় নয়, সব সময় মাঠে থাকবেন এবং বাস্তব উন্নয়ন নিশ্চিত করবেন। এই প্রত্যাশার মধ্যেই ইঞ্জিনিয়ার মমিনুল হকের প্রচার, পরিকল্পনা ও দীর্ঘ রাজনৈতিক যাত্রা আসনটিকে নতুন আলোচনায় তুলেছে।