বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে কুরিয়ার পার্সেল থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের হাজীগঞ্জে কুরিয়ার সার্ভিসের একটি পার্সেল থেকে প্রায় ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৮ মার্চ রাতে হাজীগঞ্জ থানার পিএসআই সৌরভ হাদী সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রীকালীন ডিউটিতে ছিলেন। এ সময় থানার ডিউটি অফিসারের মাধ্যমে খবর পাওয়া যায়, হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় অবস্থিত এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড কুরিয়ার সার্ভিস অফিসে একটি পার্সেলে বিপুল পরিমাণ মাদক রয়েছে।

সংবাদ পেয়ে পিএসআই সৌরভ হাদী ও এসআই নূরমোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে কুরিয়ার কর্তৃপক্ষের দেখানো DHL লেখা একটি বাদামী রঙের বক্স তল্লাশি করেন। বক্সটি খুলে ভেতর থেকে ফুয়েল পেপারে মোড়ানো ৯টি পলিপ্যাক ভর্তি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ১৯ কেজি ৫০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা। এছাড়া পার্সেলের ভেতরে কিছু গৃহস্থালি পণ্য, কুরিয়ার বুকিং মেমো ও ক্যাশ মেমো পাওয়া যায়।

কুরিয়ার কর্তৃপক্ষ জানায়, ৮ মার্চ দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তি “মায়ের দোয়া এন্টারপ্রাইজ, হাজীগঞ্জ” নাম ব্যবহার করে পার্সেলটি “পাখি স্টোর, বরিশাল” ঠিকানায় ৩৫০ টাকা বুকিং দিয়ে পাঠান। রাতের দিকে পার্সেলটি গাড়িতে তোলার সময় সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানায়।

পরে ৯ মার্চ রাত ১টা ২৫ মিনিটে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়।

এ ঘটনায় পিএসআই সৌরভ হাদী বাদী হয়ে অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৯(গ)/৪১ ধারায় হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত করছেন এসআই নূরমোহাম্মদ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com