বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের বিভিন্ন শপিং কমপ্লেক্সে এ অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে পৌর নিউ মার্কেট, মদিনা শপিং কমপ্লেক্স, মীর শপিং কমপ্লেক্স ও পূরবী শপিং কমপ্লেক্স এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পোশাকে দ্বিগুণের বেশি লাভ করার প্রমাণ পাওয়ায় ‘দি ইসলামিয়া’ প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং পাঞ্জাবিতে অতিরিক্ত মুনাফা করায় ‘প্রিয়াঙ্গন’কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি ব্র্যান্ডের জুতার স্টিকার অন্য জুতায় লাগানোর অপরাধে ‘ওয়েলকাম সুজ’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে। পাশাপাশি অধিক মুনাফাকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী একদিনের মধ্যে তাদের পণ্যের মূল্য সংশোধনের নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এবং ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে ।