বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
মো.মজিবুর রহমান রনি :
চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। দুই দিনের অভিযানে মোট প্রায় ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার এসআই নূর মোহাম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড কুরিয়ার সার্ভিস অফিসে তল্লাশি চালিয়ে একটি পার্সেলসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. ইমতিয়াজ হোসেন (২২)। তিনি কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার কুমিল্লা ইপিজেড এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি বরুড়া উপজেলার অর্জুনতলা এলাকায় বসবাস করছেন বলে জানা গেছে।
পরে পুলিশ পার্সেলটি খুলে ভেতর থেকে ফুয়েল পেপার মোড়ানো পাঁচটি পলিপ্যাক উদ্ধার করে। প্রতিটি প্যাকেটে দুই কেজি করে মোট ১০ কেজি গাঁজা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। একই সঙ্গে পার্সেলের ভেতর থেকে চার পাতা ওরাল ফ্রেশ ব্রাশ, চার বোতল ফুড কেয়ার ওটস, একটি ক্যাশ মেমো এবং ডিএইচএল লেখা একটি বাদামি বক্স জব্দ করা হয়।
উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতারকৃত আসামিকে হাজীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় এসআই নূর মোহাম্মদ বাদী হয়ে ইমতিয়াজ হোসেনসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, ৮ মার্চ রাতে কুরিয়ার সার্ভিসের ম্যানাজারের তথ্য অভিযান পরিচালনা করে পুলিশ প্রায় ২০ কেজি গাঁজা উদ্ধার করে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার বলেন :মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।