বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি :
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার চাঁদপুর জেলার বাবুরহাট বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মৃত মুরগি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে মেসার্স ভূইয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাংসের চর্বিতে রক্ত মিশিয়ে বিক্রি করার অপরাধে খান গোস্তের দোকানকে ২ হাজার টাকা, বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকায় ফাতেমা ফ্যাশনকে ৩ হাজার টাকা এবং একই অপরাধে আখি কসমেটিকসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। এসময় মৃত মুরগি ও রক্ত মেশানো মাংসের চর্বি জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানে চাঁদপুর সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন। পাশাপাশি নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।