বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সংস্কারের নামে শুভঙ্করের ফাঁকি: শাহরাস্তির দাদিয়াপাড়া সড়কে নিয়ম না মেনেই চলছে ঢালাই।

নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর):

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ১৭ নং রায়শ্রী উত্তর ইউনিয়নে চলমান একটি সড়ক সংস্কার কাজে চরম অনিয়ম ও ঠিকাদারের অবহেলার অভিযোগ উঠেছে। দাদিয়াপাড়া মূল সড়ক থেকে শুরু হওয়া রায়শ্রী অভিমুখী এই গুরুত্বপূর্ণ সড়কটির কাজ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিনে দেখা যায়, প্রায় দেড় বছর আগে এই সড়কের কাজ শুরু হলেও দীর্ঘ সময় তা বন্ধ রাখা হয়। বর্তমানে পুনরায় কাজ শুরু হলেও ঠিকাদারের নিয়োজিত শ্রমিকরা দায়সারাভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পুরাতন কংক্রিট ও বালু পরিষ্কার না করেই তার ওপর সরাসরি পিচ ঢালাই (কার্পেটিং) করা হচ্ছে। নিয়ম অনুযায়ী ঢালাইয়ের পূর্বে পর্যাপ্ত পানি ব্যবহারের কথা থাকলেও তা মানা হচ্ছে না। এমনকি ঢালাইয়ের পর সঠিক ও মানসম্মত রোলিং না করেই কাজ শেষ করার চেষ্টা চলছে।

এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজের বিষয়ে সাইটে থাকা শ্রমিকদের বাধা দেওয়া হলে তারা স্থানীয়দের কথায় কান দিচ্ছে না। অন্যদিকে, ১৭ নং রায়শ্রী উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারসহ জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো কার্যকর তদারকি না থাকায় ঠিকাদার নিজের খেয়ালখুশি মতো কাজ চালিয়ে যাচ্ছেন।

এলাকাবাসীর পক্ষে স্থানীয় বাসিন্দা সোহাইল ইসলাম ইফতি জানান, “দীর্ঘদিন অপেক্ষার পর রাস্তার কাজ শুরু হলেও এমন নিম্নমানের কাজ আমাদের হতাশ করেছে। সরকারের বিপুল অর্থ ব্যয় হলেও এই রাস্তা কয়েক মাসও টিকবে না। আমরা শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

এ বিষয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে মানসম্মত সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন দাদিয়াপাড়াসহ পুরো রায়শ্রী উত্তর ইউনিয়নের সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com