বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
মো.মজিবুর রহমান রনি :
চাঁদপুরের হাজীগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
রবিবার (১৫ মার্চ ২০২৬) বিকাল প্রায় ৫টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানাধীন রান্ধুনীমোড়া হাইস্কুল সংলগ্ন প্রস্তাবিত বায়তুল জান্নাত জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন কামরুল হাসান বাবলু (৪০)। তিনি হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের রান্ধুনীমোড়া (পাটোয়ারী বাড়ি) এলাকার মৃত মকসুদ আলীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারের পর উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করা হলে পরিহিত প্যান্টের বাম পকেট থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকের ভেতর থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশনা ও হাজীগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল জব্বার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নেতৃত্বে এসআই সাজ্জাদ হোসেন, এএসআই মনির মুন্না এবং সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
এ ঘটনায় এসআই সাজ্জাদ হোসেন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।