বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শাহরাস্তির ঐতিহ্যবাহী নুনিয়া ঈদগাঁ মাঠে ঈদুল ফিতরের বৃহৎ জামায়াত অনুষ্ঠিত

মোঃ জসিম উদ্দিনঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী নুনিয়া ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয়েছে এক বৃহৎ ঈদের জামায়াত। উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মুসল্লি এতে অংশগ্রহণ করেন, যা এ অঞ্চলের অন্যতম বড় জামায়াত হিসেবে পরিচিত।

ঈদের নামাজে ইমামতি করেন হাফেজ মোঃ জোবায়ের আহমেদ আনসারি। নামাজ শেষে তিনি মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে বিশ্বব্যাপী মুসলমানদের ঐক্য, শান্তি প্রতিষ্ঠা এবং সকল প্রকার অশান্তি ও বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করা হয়।

নামাজের আগে সংক্ষিপ্ত বয়ানে হাফেজ মোঃ জোবায়ের আহমেদ আনসারি ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, ঈদ কেবল আনন্দের উৎসব নয়, বরং এটি ত্যাগ, সংযম এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তিনি সমাজে সম্প্রীতি বজায় রাখা এবং অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ঈদগাঁ কমিটির সহসভাপতি এবং সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটওয়ারী জানান, প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নামাজ আদায় করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়, ফলে মুসল্লিরা নির্বিঘ্নে ইবাদত পালন করতে সক্ষম হন।

উল্লেখ্য নুনিয়া ঈদের জামায়াত শাহরাস্তি উপজেলার মধ্যে বৃহৎ জামায়াতের মধ্যে অন্যতম, যেখানে প্রতি বছর বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে।

নামাজ শেষে সকলে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com