বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
মেঘনাপোষ্ট ডেস্ক রিপোর্ট :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রান্ধুনিমুড়া এলাকায় একটি অসহায় পরিবারের ওপর হামলা, মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সালেহা বেগম ।
অভিযোগ সূত্রে জানা যায়, রান্ধুনিমুড়া এলাকায় কয়েকজন ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমি মাপজোখের বিষয়ে উভয় পক্ষের মধ্যে পূর্বে সমঝোতা হলেও বিবাদীরা তা কার্যকর না করে নিজেদের ইচ্ছামতো সীমানা নির্ধারণ করে দেয়াল নির্মাণের চেষ্টা করে।
ঘটনার দিন, গত ১৮ মার্চ ২০২৬, সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত ১০ নং ওয়ার্ড ইদ্রিস আলী বেপারী বাড়ীর শাহাজামাল ছেলে মহসীন, মোস্তফার ছেলে শাহাদাৎ, মোস্তফা ভুক্তভোগীদের দখলীয় জমিতে থাকা বেড়া ও অন্যান্য স্থাপনা ভেঙে ফেলে। এ সময় সালেহা বেগমের স্বামী মো. শফিক বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়।
পরবর্তীতে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে এলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের বসতঘরে হামলা চালায়। অভিযোগে বলা হয়, ঘরের দরজা, টিন ও অন্যান্য অংশে ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়।
স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও অভিযুক্তরা মারধর অব্যাহত রাখে এবং ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। এমনকি আইনের আশ্রয় নিলে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আহত শফিকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানা-এর অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সালেহা বেগম।
এবিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার বলেন : অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।