বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে নকল ঔষধের কারবার: দীনেশ সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মো মজিবুর রহমান রনি :

চাঁদপুরের হাজীগঞ্জে নকল ঔষধ ও ভেজাল স্বাস্থ্যসামগ্রী সরবরাহের অভিযোগ উঠেছে দীনেশ সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে নামীদামী কোম্পানির মোড়কের আদলে এসব পণ্য বাজারজাত করে আসছেন।
সূত্রগুলো জানায়, হাজীগঞ্জ বাজারসহ জেলার বিভিন্ন এলাকায় তার সরবরাহকৃত নকল পণ্য ছড়িয়ে পড়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ঔষধ, মলম, ত্বকের যত্নের সামগ্রী, শ্যাম্পু, সাবান এবং ওরস্যালাইন। পণ্যের মোড়ক এতটাই নিখুঁতভাবে নকল করা হয় যে সাধারণ ক্রেতাদের পক্ষে আসল ও নকলের পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের করিম বাগান এলাকায় একটি ভাড়া বাসায় এসব নকল পণ্য মজুত রাখা হয়। ওই স্থানকে কেন্দ্র করে একটি গোপন সরবরাহ নেটওয়ার্ক গড়ে উঠেছে, যেখান থেকে নিয়মিতভাবে বিভিন্ন ফার্মেসিতে পণ্য সরবরাহ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় গুঞ্জন থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আরও অভিযোগ রয়েছে, কিছু অসাধু ফার্মেসি মালিক অধিক মুনাফার আশায় জেনেশুনেই এসব নকল পণ্য সংগ্রহ ও বিক্রি করছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নকল ঔষধ ও ভেজাল স্বাস্থ্যসামগ্রী মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে রোগ নিরাময়ের পরিবর্তে রোগ আরও জটিল আকার ধারণ করতে পারে, এমনকি প্রাণহানির ঝুঁকিও তৈরি হয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য নকল ওরস্যালাইন বা ঔষধ ভয়াবহ বিপদের কারণ হতে পারে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, সংশ্লিষ্ট দপ্তরের কঠোর নজরদারি এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com