বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
মজিবুর রহমান রনি :
চাঁদপুরের হাজীগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ লিটন ওরফে হাড্ডি লিটন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) নুরে আলম সঙ্গীয় ফোর্সসহ এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে হাসপাতালের ভেতরে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে জরুরি বিভাগের সামনে পড়ে গেলে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ লিটন ওরফে হাড্ডি লিটন (৫৫)। তিনি হাজীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের টোরাগড় এলাকার বাসিন্দা।
পুলিশের দাবি, তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই আবু আহাম্মদ চৌধুরীকে।