বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
মো. মজিবুর রহমান রনি
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলামের বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ৯ জন ঠিকাদার অংশগ্রহণ করলেও তাদের মধ্যে ৮ জনকে পাশ কাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে এক ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া হয়েছে।
জানা যায়, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত উপজেলা ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) প্রকল্পের আওতায় “সোর্স অব ফান্ড: সরকার” উল্লেখ করে একটি কাজের টেন্ডার আহ্বান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাংলো সংক্রান্ত এ কাজের টেন্ডারে মোট ৯ জন ঠিকাদার অংশ নেন। তবে কোনো কারণ উল্লেখ না করেই ২ জন ঠিকাদারকে প্রাথমিকভাবে বাদ দেওয়া হয় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
অভিযোগকারী ঠিকাদারদের দাবি, বাকি ৭ জনকে নিয়ে নিয়ম অনুযায়ী এসএলটি (শর্ট লিস্ট টেন্ডার) হওয়ার কথা থাকলেও তা না করে গোপনে প্রক্রিয়া সম্পন্ন করে ‘এমএস হাজী আউয়াল ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে কাজ প্রদান করা হয়। অথচ বিধি অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানটির এ কাজ পাওয়ার যোগ্যতা ছিল না বলেও তারা অভিযোগ করেন।
তারা আরও বলেন, নিয়ম অনুযায়ী নোটিশের মাধ্যমে সকল অংশগ্রহণকারীকে উপস্থিত রেখে এসএলটি সম্পন্ন করার কথা থাকলেও তাদের কাউকেই অবহিত করা হয়নি। একই দিনে একই প্রকল্পের আওতায় শাহরাস্তি মেইন গেটের কাজও একই ঠিকাদারকে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি মোবাইল ফোনে দাবি করেন, এখনো এসএলটি সম্পন্ন হয়নি। তবে এসএলটি সম্পন্ন না হলে কীভাবে নোটিশ অব অ্যাওয়ার্ড (এনওএ) দেওয়া হলো—এমন প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি তিনি।
উল্লেখ্য, প্রকৌশলী মাইনুল ইসলাম এর আগে হাজীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেছেন। সেখানেও তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে ক্ষোভ বিরাজ করছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।