বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
নুর মোহাম্মদ পাটোয়ারী :
চাঁদপুরের হাজীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৬টার দিকে হাজীগঞ্জ থানাধীন সুবিদপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুল জব্বার ও পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নূরে আলম, এএসআই মনির মুন্না এবং সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালান। এসময় সন্দেহভাজন মো. মোজাম্মেল হোসেন ওরফে মুজাকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির বাম পাশ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকসহ তাকে থানায় নিয়ে আসা হয়েছে।
গ্রেপ্তারকৃত মোজাম্মেল হোসেন (২২) হাজীগঞ্জ উপজেলার সুবিদপুর এলাকার জালাল উদ্দিন বেপারী বাড়ির বাসিন্দা এবং তার পিতার নাম আমির হোসেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।