বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌড়েশ্বর এলাকায় চুরির প্রতিবাদ করায় গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাঁদাবাজির সঙ্গে জড়িত হিসেবে পরিচিত ইমাম হোসেনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ইমাম হোসেন, তানিম হোসেন ও নবীর হোসেনের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, রোববার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে গৌড়েশ্বর এলাকার একটি দোকানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—মোঃ হানিফ কাজী (৫০) ও আব্দুল মালেক কাজী (৬৫)।
ভুক্তভোগী হানিফ কাজী অভিযোগে জানান, কয়েকদিন আগে ইমাম হোসেনের ভাতিজাকে চুরির সময় হাতেনাতে ধরার পর থেকেই তিনি হুমকি-ধমকির শিকার হচ্ছিলেন। পরবর্তীতে মসজিদের কাজের জন্য আনা ভেকু (খননযন্ত্র) ঘিরে তার কাছে চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিরোধের সৃষ্টি হয়।
ঘটনার দিন ভেকুর তেলের টাকা দিতে গেলে ইমাম হোসেন ও তানিম হোসেন দেশীয় অস্ত্রসহ তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। তাকে একটি দোকানের ভেতরে নিয়ে লাঠি দিয়ে মারধর করা হয় এবং গলা চেপে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। এ সময় তানিম হোসেন তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে দাবি করা হয়েছে।
এদিকে, ঘটনাস্থলে উপস্থিত আব্দুল মালেক কাজী মীমাংসার চেষ্টা করলে নবীর হোসেন তাকে মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগে বলা হয়।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের দাবি, ইমাম হোসেনের বিরুদ্ধে এর আগেও ফুটবল খেলার নামে চাঁদাবাজির অভিযোগ ছিল। তবে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন।
এ বিষয়ে অভিযুক্ত ইমাম বলেন সম্পন্ন অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
এবিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”