বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কাতারে সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের যুবক শুভর মৃত্যু, লাশ দেশে আনতে সহযোগিতা চাইল পরিবার

নুর মোহাম্মদ পাটোয়ারী :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধব্যপুর ইউনিয়নের ডাটরা শিবপুর গ্রামের সন্তান শুভ কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। প্রবাসে ডিউটিরত অবস্থায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হলে পরিবারে নেমে আসে শোকের ছায়া।

জানা যায়, পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ও সুন্দর ভবিষ্যতের আশায় কিছুদিন আগে কাতারে পাড়ি জমান শুভ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে জীবনের স্বপ্নগুলো পূরণ হওয়ার আগেই প্রবাসের মাটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। বর্তমানে তার মরদেহ কাতারের একটি হিমঘরে রাখা হয়েছে।

স্বজনরা জানান, শুভর এই আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার ভেঙে পড়েছে। আরও দুঃখজনক বিষয় হলো, তার বাবা বর্তমানে সৌদি আরবে বন্দী অবস্থায় রয়েছেন। ফলে পরিবারটির পাশে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার মতো কেউ নেই।

পরিবারের দাবি, কাতার থেকে শুভর মরদেহ দেশে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করতে প্রায় ৩ থেকে ৩.৫ লাখ টাকার প্রয়োজন। কিন্তু মধ্যবিত্ত ও বিপর্যস্ত পরিবারটির পক্ষে এত বড় অঙ্কের টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় শুভর পরিবার সমাজের বিত্তবান ও প্রবাসীসহ সকল শ্রেণি-পেশার মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে। তারা বলেন, “সবার সামান্য সহযোগিতাই হয়তো আমাদের সন্তানকে শেষবারের মতো দেশে এনে দাফনের সুযোগ করে দেবে।”

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com