বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব বালিয়ার দেওয়ান বাড়িতে একটি নিজস্ব কূয়ো বালু দিয়ে ভরাট করার সময় চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ফারুকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, দলীয় কর্মীদের ‘চা-নাস্তা খাওয়ানোর’ কথা বলে তিনি ভুক্তভোগী শহিদুলের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছেন।
শুক্রবার (৫ জুন) এ সংক্রান্ত একটি স্বীকারোক্তিমূলক অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অডিওটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অডিওতে শোনা যায়, ভুক্তভোগী শহিদুল অসহায় কণ্ঠে জানান, তিনি নিজস্ব কূয়ো বালু দিয়ে ভরাটের কাজ করছিলেন। পিকআপযোগে বালু এনে ভরাটের কাজ চলাকালে স্থানীয় বিএনপি নেতা পরিচয়দানকারী ফারুকের বাধার মুখে পড়েন। পরে দলীয় ‘পোলাপাইনকে চা-নাস্তা খাওয়ানোর’ কথা বলে তার কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
শহিদুল অডিওতে আরও জানান, টাকা দেওয়ার পরও তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন এবং বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের ঘটনা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ফারুকের বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।
স্থানীয় সচেতন মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরা অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।