বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
মো:মজিবুর রহমান রনি :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা ইলিয়াস কাজী (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ হাজীগঞ্জ পূর্ব বাজারের মাতৃমায়া আবাসিক হোটেল মালিকের রুমে থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) বিকেলে হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
নিহত ইলিয়াস কাজী ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া কাজী বাড়ির বাসিন্দা বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে ফিরে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। কয়েকদিন আগে তিনি নিখোঁজ হন। পরে শনিবার তার স্বজনরা জানতে পারেন, হাজীগঞ্জের একটি আবাসিক হোটেল মালিকের রুম থেকে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
হোটেলের ম্যানেজার রায়হান জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ইলিয়াস কাজী হোটেলে একটি কক্ষ ভাড়া নেন। তার দাবি, ওই সময় তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন।
তবে হোটেল মালিক ফারুক হোসেন লিটনের বক্তব্য ভিন্ন। তিনি বলেন, “ইলিয়াস কাজী যখন হোটেলে আসেন তখন তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি রাতে বিষপান করে আত্মহত্যা করেছেন।”
ঘটনার বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে।”
এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাজীগঞ্জের বিভিন্ন আবাসিক হোটেলে দেহব্যবসা, মাদক সেবনসহ নানা অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। এ ঘটনায় নতুন করে এসব হোটেলের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনার পরপরই উপজেলা প্রশাসন মাতৃমায়া আবাসিক হোটেলটি বন্ধ ঘোষণা করেছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।