বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
নুর মোহাম্মদ পাটোয়ারী :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের বদলি/পদায়নের আদেশ বাতিল করা হয়েছে। ফলে তিনি পূর্বের ন্যায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
সোমবার (১৫ জুন) চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে পূর্বে জারি করা পদায়নের আদেশ বাতিলের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১০ জুন প্রশাসনিক আদেশে মো. ইবনে আল জায়েদ হোসেনকে রাঙ্গামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছিল। ওই আদেশের পর হাজীগঞ্জে তাঁর বদলি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়। তবে সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে সেই পদায়নের সিদ্ধান্ত বাতিল হওয়ায় তিনি হাজীগঞ্জ উপজেলাতেই বহাল থাকছেন।
জানা যায়, মো. ইবনে আল জায়েদ হোসেন হাজীগঞ্জে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বাজার মনিটরিং, অবৈধ দখল উচ্ছেদ, জনসচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন সরকারি উন্নয়ন কর্মকাণ্ড তদারকির মাধ্যমে তিনি আলোচনায় আসেন।
বিশেষ করে সাম্প্রতিক সময়ে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে অভিযান, বাজার ব্যবস্থাপনা, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
এদিকে বদলির আদেশ বাতিল হওয়ার খবরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে স্বস্তি প্রকাশের খবর পাওয়া গেছে। অনেকেই মনে করছেন, চলমান প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এ সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, মো. ইবনে আল জায়েদ হোসেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।