বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

মতলব দক্ষিণে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মেঘনাপোষ্ট ডেস্ক রিপোর্ট :

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ পৃথক অভিযানে ৩০০ গ্রাম গাঁজা ও ১৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৭ জুন ২০২৬) মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের সার্বিক নির্দেশনায় পরিচালিত অভিযানে এ গ্রেপ্তারের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্সের সহায়তায় রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে উপজেলার চর মুকুন্দি এলাকার সওদাগরপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় ফরিদ সওদাগরের বসতঘর থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ সুমন সওদাগর (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি চর মুকুন্দি (সওদাগরপাড়া) এলাকার বাসিন্দা।

এ ঘটনায় তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (নং-২০) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে, এসআই মো. ইউনুছ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ১২টা ১০ মিনিটে উপজেলার মোবারকদী এলাকার বায়তুল মামুর জামে মসজিদ মাঠে অভিযান পরিচালনা করেন। এ সময় চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ধনপদ্দি এলাকার বাসিন্দা মো. জহিরুল ইসলাম (৪৫)-কে ১৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জহিরুল ইসলামের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (এফআইআর নং-২২) রুজু করা হয়েছে। তাকে ১৮ জুন আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com