বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
মেঘনাপোস্ট ডেস্ক :
চাঁদপুরের হাজীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে মোট ১৫ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
হাজীগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত ১৭ জুন রাত সাড়ে ৮টার দিকে অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় অভিযান চালায়। অভিযানে রবিউল মিজি (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে কচটেপে মোড়ানো ৭ বান্ডেলে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
একই রাতে রাত ৮টা ৫৫ মিনিটে এসআই মো. নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের আরেকটি দল মকিমাবাদ স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে মাহবুব আলম বাবলু (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে তার দেখানো মতে ঘটনাস্থল থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে হাজীগঞ্জ থানার অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।